মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে
- প্রকাশের সময় : ১০:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 9
ফুটবল বিশ্বের মহাকাব্যিক এক লড়াইয়ের সাক্ষী হয়ে উঠছে ২০২৬ বিশ্বকাপ। লিওনেল মেসির দীর্ঘদিনের রাজত্বে ভাগ বসাতে মরিয়া কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে এলেই যেন অন্য এক বিধ্বংসী রূপে আবির্ভূত হন এই ফরাসি তারকা, আর চলতি আসরে তো যেন গোল করার নেশায় মেতেছেন তিনি। নিউ জার্সিতে গতকাল রাতে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে তিনি শুধু দলের জয়ই নিশ্চিত করেননি, বরং বিশ্বকাপের ইতিহাসে নিজের অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
চলতি আসরে এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচ খেলে ৬টি গোল করে ফেলেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোলের পর সুইডেনের জালে বল জড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চের চাপ সামলে নিজেকে প্রমাণ করায় তাঁর জুড়ি মেলা ভার। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মোট ১৮টি গোল করে ফেলেছেন তিনি। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন এমবাপ্পে।
তবে পরিসংখ্যানের বিচারে এমবাপ্পের দক্ষতা যেন আরও বেশি বিস্ময়কর। বিশ্বকাপের মঞ্চে ১৯ গোল করতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যেখানে ২৬টি ম্যাচ খেলেছেন, সেখানে এমবাপ্পে মাত্র ১৮ ম্যাচেই পৌঁছে গেছেন ১৮ গোলের মাইলফলকে। বিশ্বকাপের গোলমেশিন খ্যাত মেসির ঠিক ঘাড়েই এখন এমবাপ্পের তপ্ত নিঃশ্বাস।
বর্তমান বিশ্বকাপে মেসি আর এমবাপ্পের এই দ্বৈরথ এখন আর কেবল ব্যক্তিগত লড়াই নয়, বরং রূপ নিয়েছে ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে। আসরের বাকি ম্যাচগুলোতে এমবাপ্পে তাঁর গোলের ধারা কতটা বজায় রাখতে পারেন, আর সেই সাথে মেসিকে ছাড়িয়ে নতুন কোনো রেকর্ডের মুকুট পরতে পারেন কি না, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।














