শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী
- প্রকাশের সময় : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 15
ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না এবং তার নির্বাচনের ফলাফলও প্রকাশ করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে ৩০ জুন রায়ের দিন ধার্য করা হয়েছিল।
আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট ব্যাংক। নির্বাচন কমিশন ও পরে হাইকোর্ট ওই আপিল খারিজ করে মনোনয়ন বহাল রাখলেও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ।
আপিল বিভাগের আগের আদেশে বলা হয়েছিল, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। সর্বশেষ রায়ে তার প্রার্থিতা বাতিল করায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারালেন।














