হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল
- প্রকাশের সময় : ১০:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 22
পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুরু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার পর আনুষ্ঠানিকভাবে মিছিলটি শুরু হয়। ভোর থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের শত শত মুসল্লি ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়ায় জড়ো হন।
তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে রাজধানীর আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাকে দেখা যায়। তাদের হাতে ছিল প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশান, বেস্তা ও বইলালাম।
মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সোয়াত, ফায়ার সার্ভিস এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মিছিলের রুটজুড়ে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে।
হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। সেই শোকাবহ ঘটনার স্মরণে প্রতি বছর পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করে। কারবালার আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের এবং সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা হিসেবে বিবেচিত হয়।














