কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ
- প্রকাশের সময় : ০৯:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 21
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ জাল তৈরির কারখানা থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ি চরের শিকদারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট।
অভিযানকালে মৃত তমিজ উদ্দিন শেখের ছেলে মোতালেত শেখ (৫০)-এর মালিকানাধীন জাল তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চায়না দুয়ারী জাল দেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব জালে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ে মাছের উৎপাদন হ্রাস পায়। এ কারণে সরকার এসব জালের উৎপাদন, মজুদ, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে।
অভিযান শেষে জব্দকৃত জাল এবং কারখানার বিভিন্ন সরঞ্জাম আইনানুগ প্রক্রিয়ায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার রোধে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।”
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। আইন অমান্য করে অবৈধ জাল উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























