মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
- প্রকাশের সময় : ০৩:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 4
ঝিনাইদহের মহেশপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় মহেশপুর উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকারের উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন করা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। একটি সেলাই মেশিন একটি পরিবারের আয়ের পথ তৈরি করতে পারে, একটি হুইল চেয়ার একজন প্রতিবন্ধী মানুষের চলার শক্তি বাড়াতে পারে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “সরকারি সহায়তা সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। এই উপকরণগুলো সুবিধাভোগীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠানে ৪৫টি সেলাই মেশিন, ১২টি আলমারি, হুইল চেয়ার, হাসপাতালের জন্য আইপিএস, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এটিএম খায়রুজ্জামান, মহেশপুর উপজেলা জামায়াতের আমির মোঃ ফারুক আহমেদ, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, পৌর জামায়াতের আমির মোঃ নওফেল আহমেদ, মহেশপুর আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সারোয়ার হোসেন এবং মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সরকারি সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
























