বিশ্বকাপে ইতিহাসে ৯২ বছরে মিসরের প্রথম জয়
- প্রকাশের সময় : ১১:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 6
৯২ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মিসর জাতীয় ফুটবল দল। মোহাম্মদ সালাহর এক গোল ও এক অ্যাসিস্টে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিসর এবং নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে।
বিশ্বকাপের পুরনো মুখ মিসর। এবারের আগেও খেলেছে তিনটি আসরে; ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে। কিন্তু ৮টি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি দলটি। সেই খরা কাটলো আজ।
অবশেষে বিশ্বকাপে জয়ের মুখ দেখল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সোমবার মোহাম্মদ সালাহর দল ৩-১ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সেই সাথে ধরে রাখল নক আউটে ওঠার স্বপ্নও।
এই জয়ের পথে আরো একটি স্মৃতি ফেরাল মিসর। সেই ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক ম্যাচে হাঙ্গেরির কাছে হারের পথে ২টি গোল করেছিল তারা। এর ৯২ বছর পর এসে ফের সেই স্বাদ পেল তারা।
এত বছর পর এসে এবারই প্রথম এক ম্যাচে একাধিক গোল করতে পারল ‘ফারাও’ নামে পরিচিত দলটি।
এই জয়ে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ সালাহ। এক গোল ও একটি অ্যাসিস্ট করেছেন তিনি। বাকি দুই গোল মোস্তফা জিকো ও ট্রেজেগুয়েতের। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান।
সারম্যানই মূলত প্রথম গোলটা করেন। ম্যাচের ১৫ মিনিটে দারুণ হেড থেকে মিসরের রক্ষণ ভাঙেন তিনি। যদিও তার এনে দেয়া লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।
মিসর সমতায় ফিরে প্রথমার্ধের পর, ৫৮ মিনিটে। মোহাম্মদ হানি দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন বক্সে। তা লাফিয়ে শক্তিশালী হেডে জালে জড়ান মোস্তাফা জিকো।
সমতায় ফেরার রেশ না কাটতেই এগিয়ে যায় মিসর। ৬৭ মিনিটে মিসরকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। মোস্তফা জিকোর সহায়তায় বাঁ পায়ের বাঁকানো শটে গোলটি করেন লিভারপুল কিংবদন্তি।
আর বদলি নামার একটু পর ব্যবধান বাড়ান মাহমুদ আহমেদ ইব্রাহিম হাসান। ৮২ মিনিটে সালাহর কর্নারে পোস্টের কাছাকাছি বল পেয়ে হেডে জালে জড়ান তিনি। স্কোর হয় ৩-১।
এরপর শেষ বাঁশি বাজার সাথে সাথেই উচ্ছ্বাসে ফেটে পড়ে মিসর শিবির। কারণ এই জয় শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, ভেঙেছে প্রায় এক শতাব্দীর অপেক্ষাও। বিশ্বকাপে নবম ম্যাচে এসে প্রথম জয় পেল দলটি।
দারুণ এই জয়ে টেবিলে শীর্ষস্থানে উঠল মিসর। দুই খেলায় তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ম্যাচে দুই পয়েন্ট করে পাওয়া ইরান ও বেলজিয়ামের অবস্থান দুই ও তিনে।

























