‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’
- প্রকাশের সময় : ০৫:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 26
শিশু রামিসা হত্যা মামলাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলার বিচার হাইকোর্টে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে তিনি জানান, রামিসা হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানিতে তিনি নিজেই রাষ্ট্রপক্ষের পক্ষে অংশ নেবেন।
এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
আগামী রোববার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা-এর সমন্বয়ে গঠিত এই বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য পাঠানো রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বিশেষ বেঞ্চ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিশেষ বেঞ্চ গঠনের ফলে নারী ও শিশু নির্যাতন মামলার বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।























