নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে মামলার রায় বুধবার
- প্রকাশের সময় : ০৬:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 33
ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ৬ মে মামলার বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১০ জুন তারিখ নির্ধারণ করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসাইনের সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পারেন রাকিব।
অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন না করেই তামিমা নাসিরকে বিয়ে করেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এছাড়া নাসির হোসাইন তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় রাকিব ও তার কন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন এবং তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
দণ্ডবিধির ৪৯৭, ৫০০ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলায় ব্যভিচার, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া এবং মানহানির অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরে ২০২২ সালের ২৪ জানুয়ারি আদালত নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তবে মামলার অপর আসামি তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়।
মামলাটিতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে এখন সংশ্লিষ্টদের নজর রয়েছে।























