এপ্রিল নয়, মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
- প্রকাশের সময় : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 16
শুধু এপ্রিল নয়, মে মাসেও জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
বুধবার (১৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগামী দুই মাসে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি তেল উদ্ধার অভিযানের তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার, পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার এবং চট্টগ্রাম থেকে উদ্ধার করা ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল।
বর্তমান মজুত পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশে ডিজেল ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং জেট ফুয়েল ৭৭ হাজার ৫৪৬ টন মজুত রয়েছে।
তিনি আরও বলেন, সরবরাহ কোনোভাবেই কমানো হচ্ছে না এবং প্যানিক করে তেল কেনার প্রয়োজন নেই। শিল্প-কারখানার জন্য ডিজেল সরবরাহেও কোনো ঘাটতি নেই। এছাড়া বেসরকারিভাবে ১৪ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।




















