নেপালে সরকার গঠন করতে চলেছে গণ-অভ্যুত্থানকারীরা

- প্রকাশের সময় : ১১:০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 156

নেপালে সাধারণ নির্বাচনের পর ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় ব্যাপকভাবে এগিয়ে রয়েছে তরুণ প্রজন্মের পছন্দের এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠনের পথে রয়েছে দলটি।
রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হেভিওয়েট প্রার্থী হলেন কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ। জেন-জি আন্দোলনের সময় প্রশাসনের অংশ হয়েও শিক্ষার্থীদের অভ্যুত্থানের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ‘বালেন’ নামে পরিচিত এই নেতা।
গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অঘোষিত নেতা ছিলেন তিনি। নেপালের তরুণদের বড় একটি অংশ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে জানা গেছে।
বালেন্দ্রের দলের চেয়ারম্যান হলেন সাবেক উপ-প্রধানমন্ত্রী রবি লামিছানে। তিনি একজন সাবেক টেলিভিশন সাংবাদিক, যিনি তার লাইভ অনুষ্ঠানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
জানা গেছে, বালেন্দ্র ঝাপা-৫ আসনে এগিয়ে রয়েছেন। সেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ১৬৫টি আসনে সরাসরি নির্বাচনের মধ্যে ওলির দল এগিয়ে রয়েছে মাত্র ৮টিতে। অন্যদিকে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এগিয়ে রয়েছে প্রায় ৯০টি আসনে। নেপালের পুরোনো দল নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে ৯টি আসনে।
আরেক সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল (প্রচণ্ড)-এর দল এগিয়ে রয়েছে ৭টি আসনে। তিনি নিজে রুকুম পূর্ব-১ আসনে এগিয়ে আছেন।
গত বছরের সেপ্টেম্বরে জেন-জি অভ্যুত্থানের মুখে ওলি সরকারের পতন ঘটে। তিন দিন পর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে নির্বাচন কমিশন ৫ মার্চ সংসদ নির্বাচনের দিন ঘোষণা করে। সেই অনুযায়ী বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় ৬৫টি রাজনৈতিক দল।
সূত্র: এনডিটিভি।
























