হাতিয়া থেকে তরুণ এমপি, ব্রাহ্মণবাড়িয়ায় প্রবীণের জয়
- প্রকাশের সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 167
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের তালিকায় বয়সের দুই প্রান্তে দাঁড়িয়ে আছেন দুই রাজনীতিক। সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা আবদুল হান্নান মাসউদ। আর সবচেয়ে বেশি বয়সী এমপি হচ্ছেন বিএনপির মুশফিকুর রহমান। বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।
হলফনামা অনুযায়ী মুশফিকুর রহমানের জন্ম ১৯৪০ সালের ৮ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর বয়স ছিল ৮৫ বছর ১১ মাস। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৩৯ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার পেয়েছেন ৯১ হাজার ৭৯৬ ভোট।
সাবেক সচিব মুশফিকুর রহমান বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন।
অন্যদিকে নোয়াখালী ৬ হাতিয়া আসন থেকে জয়ী হয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
নির্বাচনী হলফনামা অনুযায়ী হান্নান মাসউদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি। তাঁর বর্তমান বয়স ২৬ বছর ১ মাস। এবারের নির্বাচনে এই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান তিনি। পরে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়ে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।


























