বিএনপিকে পাশে বসিয়ে হেফাজত আমির বললেন, ‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’
- প্রকাশের সময় : ১১:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 134
জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে থাকতে দেখা যায়। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।”
এ সময় বিএনপি নেতা সরওয়ার আলমগীরকে দেখিয়ে তিনি বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।”
জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ উল্লেখ করে বাবুনগরী বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে। ইমানের গোড়া কেটে যাবে।”

























