সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশেও

- প্রকাশের সময় : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 160

ভারতের সিকিমে সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩টি ভূমিকম্প হয়েছে, যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫ এবং কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
মূল কম্পনের পর মঙ্গন এলাকায় সাতটি ও নামচিতে চারটি ছোট আফটারশক রেকর্ড করা হয়। গ্যাংটকেও ৩.১ মাত্রার একটি কম্পন ধরা পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। রাত ১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। এসব এলাকায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

























