অব্যাহতি মেলেনি সালমান-আনিসুলের, বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের
- প্রকাশের সময় : ১২:৫৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 157
জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (১২ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের আবেদন খারিজ করা হয়।
আদেশের পর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ পাঠ শুরু করেন। এদিন সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে ৬ জানুয়ারি আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানি করে অভিযোগ গঠন না করার আবেদন জানান। তবে প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে। উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটির অভিযোগ আমলে নেয় এবং একই দিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।




















