গ্রিনল্যান্ড আমাদের হতেই হবে: ট্রাম্প

- প্রকাশের সময় : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 234
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন এবং দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতেই হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগের পর তিনি আবারও ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ স্পষ্ট করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তব্য ও বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত ডেনমার্কের সঙ্গে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিশেষ দূত নিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে ডেনমার্ক থেকে আলাদা করে দেখছে এবং দ্বীপটির ওপর প্রভাব বাড়ানোর ইচ্ছা প্রকাশ করছে।
গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য এবং আমাদের গ্রিনল্যান্ড দরকার। তিনি জানান, বিশেষ দূত হিসেবে জেফ ল্যান্ড্রি যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সব কাজ এগিয়ে নেবেন।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হবে। একই সঙ্গে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীর এবং তাদের ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে।
জেফ ল্যান্ড্রি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে এই দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। তিনি আগেও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে যুক্ত করার পক্ষে মত প্রকাশ করেছিলেন।
ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশপাশের সমুদ্রে চীনা ও রুশ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছে। তিনি বলেন, গ্রিনল্যান্ড দরকার জাতীয় নিরাপত্তার জন্য, খনিজ সম্পদের জন্য নয়।
প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। ১৯৭৯ সাল থেকে সেখানে ব্যাপক স্বশাসন চালু থাকলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের হাতে। জনমত জরিপে দেখা গেছে, ভবিষ্যতে ডেনমার্ক থেকে স্বাধীনতা চাওয়ার প্রবণতা থাকলেও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে গ্রিনল্যান্ডবাসীর মধ্যে প্রবল বিরোধিতা রয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লকে রাসমুসেন এই নিয়োগকে গভীরভাবে উদ্বেগজনক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে ডেনমার্কের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করার আহ্বান জানিয়েছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা হতে পারে, তবে তা অবশ্যই পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।
এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার প্রত্যাখ্যান করেছিল। নতুন করে এই আগ্রহ আর্কটিক অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা ও নিরাপত্তা উদ্বেগ আরও জোরালো করে তুলেছে।
























