রাজধানীতে খেলনা রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ০৬:২৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 117
ঢাকার উত্তরায় মিছিলে অংশ নিয়ে ডামি (খেলনা) রাইফেল প্রদর্শনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, “শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তুরাগ থানার খালপাড় পুলিশ বক্সের পাশে পাকা রাস্তায় কয়েকজন ব্যক্তি মিছিলে ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে (৪৯) শনাক্ত করে পুলিশ।”
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তুরাগ থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
এছাড়াও এই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা যায়।





















