কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষায় আইএমএফের সতর্কবার্তা
- প্রকাশের সময় : ১১:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 107
বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে এগিয়ে চলায় নীতি শৃঙ্খলা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
‘নেভিগেটিং আওয়ার ওয়ার্ল্ড ইন ট্রানজিশন’ শিরোনামে প্রকাশিত আইএমএফের ২০২৫ সালের গ্লোবাল পলিসি এজেন্ডায় সংস্থাটি সতর্ক করে বলেছে— উচ্চ ঋণ, দুর্বল রাজস্ব শৃঙ্খলা ও রাজনৈতিক হস্তক্ষেপ বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বার্ষিক সভায় এজেন্ডাটি উন্মোচন করেন। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনীতি গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং এ সময়ে সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।
সংস্থাটি জানিয়েছে, সরকারগুলোকে আস্থা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর আর্থিক সংস্কার নিতে হবে। অপচয় রোধ, করব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা, অবকাঠামো ও উদ্ভাবনে বিনিয়োগে জোর দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষায় সতর্কতা
আইএমএফ বলেছে, রাজনৈতিক চাপ কেন্দ্রীয় ব্যাংকের নীতিকে দুর্বল করে, মুদ্রার মান কমায় ও মূল্যস্ফীতি বাড়ায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “মুদ্রানীতির বিশ্বাসযোগ্যতা আস্থা তৈরি করে এবং ঋণের খরচ কমায়।” তাই কেন্দ্রীয় ব্যাংককে তার মূল লক্ষ্য—মূল্যস্থিতি রক্ষা—অবাধে বাস্তবায়নের সুযোগ দিতে হবে।
সংস্থাটি আরও বলেছে, নতুন বাণিজ্য শুল্ক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে এবং বিনিময় হারকে বাজারের প্রাকৃতিক ভারসাম্যে চলতে দিতে হবে।
আইএমএফের মতে, শক্তিশালী প্রতিষ্ঠান, বিশ্বাসযোগ্য নীতি ও স্বাধীন মুদ্রানীতি—এই তিনটিই বৈশ্বিক স্থিতিশীলতার মূল স্তম্ভ।






















