বিসিবির বহুল আলোচিত নির্বাচন আজ
- প্রকাশের সময় : ০৭:০০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 95
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার (৬ অক্টোবর)। নানা জটিলতা, আদালতের নির্দেশনা ও প্রার্থীদের সরে দাঁড়ানোর মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে রাজধানীর সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে।
১, ২ ও ৩ নম্বর ক্যাটাগরির অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা ক্রীড়া উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন বাতিলের আবেদনসহ তিন দফা প্রস্তাব জমা দেন। পরে তারা প্রধান উপদেষ্টার কাছেও স্মারকলিপি পাঠান। এসব কারণে নির্বাচনের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়নি।
গতকাল রোববার ছিল আদালতে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠি সংক্রান্ত রিটের শুনানি এবং দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫ ক্লাবের বিষয়ে শুনানি। আদালত ওই ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর ভোট দিতে পারবেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা ভোট দিতে পারবেন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুসহ ১৫ প্রার্থী সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব ক্যাটাগরির নির্বাচন অনেকটাই অনাকর্ষণীয় হয়ে পড়েছে। সেখানে এখন ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচিত হবেন ১২ জন।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ পর্যায়ে ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। এর মধ্যে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগামীকাল শুধুমাত্র রংপুর বিভাগেই ভোট হবে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।
ঢাকা ও রাজশাহী বিভাগেও ভোট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করায় নির্বাচন হবে না। ফলে চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ঢাকা ও রাজশাহী—এই ছয় বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হচ্ছেন।
ঢাকা বিভাগে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম, চট্টগ্রামে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনায় আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটে রাহাত শামস এবং বরিশালে শাখাওয়াত হোসেন।
সব জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সোমবারই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির এই বহুল আলোচিত নির্বাচন।























