শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন
- প্রকাশের সময় : ০৬:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 105
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। আট বছর বয়সে তার প্রথম কবিতা ‘শপথ’ শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে কাজ করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইন্সটিটিউটেও।
তার কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
এর আগে নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক। তার আগে টানা ১৩ বছর এ দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী।




















