৩৫ রকম মৌসুমী ফলের পরিচয় পেল শিশুরা
রাজবাড়ী কালেক্টরেট স্কুলে ফল উৎসব

- প্রকাশের সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- / 203

নানান রকম ফলের সমাহার। ৩৫ রকমরও বেশি ফলের আয়োজন ছিল সেখানে। কোমল শিশুদের ফলের সাথে পরিচয় করিয়ে দিতেই আয়োজন এই ফলের সমাহারের। রাজবাড়ী কালেক্টরেট স্কুল গত রোববার সকালে আয়োজন করে ফল উৎসবের।
ফলের মধ্যে ছিল আম, জাম, লিচু, কাঁঠাল, কদবেল, পেয়ারা, আতা, বিচি কলা, সবরি কলা, করমচা, কামরাঙ্গা, কৎবেল, বিলেতি গাব, চালতা, আনার/ডালিম, বাদামি, ডেফল, পানিফল, ফুটি, মাল্টা, বিলিম্বি, বেল, লটকন, চিনা বাদাম, কাজু বাদাম, আঙুর, আপেল, আনারস, জাপানি চারাপাক, ডাব, বরই, তেতুল, ব্যানানা ম্যাংগো, ড্রাগন ইত্যাদি। বিদ্যালয় মিলনায়তনের চারদিকে থরে থরে সাজানো এসব ফল দেখে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিবৃন্দ।
ফল উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সচিব মারিয়া হক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান।
সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়ের কোমলমতি শিশুদের অনেকেই দেশি ফলের সাথে পরিচিত নয়। তারা ফলগুলো দেখে এসব ফলের সাথে পরিচিত হবে। ফলের পুষ্টিগুণ সম্পর্কেও তাদের একটা ধারণা হবে। ফলের নাম সম্পর্কেও তারা জানবে। একই সাথে আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কেও জানবে। এ প্রজন্মের শিশুরা জাংক ফুড খেয়ে অভ্যস্ত। যা স্বাস্থের জন্য ক্ষতিকর। এটাও তাদের বুঝতে সাহায্য করবে।
সভাপতির বক্তৃতায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, ফল উৎসবে শিশুদের উৎসাহ আর আমেজ দেখেই ভালো লাগছে। উৎসবের আমেজ শিশুদের ছুঁয়ে গিয়েছে এবং তারা আগ্রহ নিয়ে ফল সংগ্রহ করেছে এটাও অনেক বড় ব্যাপার।
প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, দেশি ফল বা মৌসুমী ফলের স্বাদ সকলেরই নেওয়া উচিৎ। অনেকে আছেন মৌসুমী ফল খেতে চায়না। মৌসুমী ফলের মধ্যে প্রচুর পুষ্টি উপাদান আছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য দরকারি।
























