কালুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, নিহত গরু ব্যবসায়ী

- প্রকাশের সময় : ০৬:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 137

রাজবাড়ী কালুখালীতে গরু বোঝাই নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রতন শেখ (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপলান গ্রামের শাহ আলম শেখের ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় সংলগ্ন একটি সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গরু বোঝাই একটি নছিমন রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে বাংলাদেশ হাট মোড়ের নিকট সেতুর ওপর পৌঁছালে, ব্রেক করায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা রতন শেখকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশীদ বলেন, একটি গরু বোঝাই নছিমন কুষ্টিয়া যাওয়ার পথে বাংলাদেশ হাট সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নছিমনটি উদ্ধার ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
























