‘পতৌদি ট্রফি’ থেকে ‘টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি’, ক্রিকেট মহলে সমালোচনা
- প্রকাশের সময় : ০১:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / 99
২০ জুন লিডসে শুরু হতে চলেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ। তবে এবারের সিরিজে থাকছে এক বড় পরিবর্তন—২০০৭ সাল থেকে চালু থাকা পতৌদি ট্রফির বদলে এবার খেলাটি হবে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি নামে।
নতুন নামকরণে সম্মান জানানো হয়েছে টেস্ট ক্রিকেটের দুই কিংবদন্তি—শচিন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনকে। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন এবং ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি অ্যান্ডারসনের সম্মানে সিরিজটির নতুন নামকরণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০০৭ সালে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি। ট্রফিটির নাম ছিল ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পতৌদির নামে। যিনি ভারতীয় ক্রিকেটে তার অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য আজও সম্মানিত। আর ভারতে অনুষ্ঠিত সিরিজগুলোর নাম ছিল অ্যান্টনি ডি মেলো ট্রফি, সাবেক বিসিসিআই সভাপতির নামানুসারে।
তবে হঠাৎ করেই পতৌদি ট্রফির জায়গায় নতুন ট্রফি চালু করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিসিসিআই সূত্র জানিয়েছে, তারা ইসিবিকে অনুরোধ করেছে, অন্তত কোনো একটি ট্রফির নাম পতৌদির নামে রাখার জন্য।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সিরিজের নামকরণ ইসিবির এখতিয়ার। এটা তাদের হোম সিরিজ, বিসিসিআইয়ের এখানে কোনো সিদ্ধান্ত নেই। তবে আমরা অনুরোধ জানিয়েছি যাতে পতৌদির নামে অন্তত একটি ট্রফি রাখা হয়।’
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘পতৌদি ট্রফি বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এটা ভারতের ইতিহাস এবং ক্রিকেট সংস্কৃতির সঙ্গে যুক্ত। যেকোনো ভারতীয় ক্রিকেটারকে যদি ভবিষ্যতে ট্রফির নাম দেওয়া হয়, তাহলে তার উচিত তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করা—পতৌদিদের সম্মানে।’
মনসুর আলি খান পাটৌদির স্ত্রী অভিনেত্রী শর্মিলা ঠাকুর হতাশা প্রকাশ করে বলেন, ‘ইসিবি সাইফকে চিঠি পাঠিয়ে জানিয়েছে যে পাটৌদি ট্রফি বন্ধ করা হচ্ছে। বিসিসিআই চাইলে তার স্মৃতি ধরে রাখতে পারে, এটা তাদের সিদ্ধান্ত।’
মনসুর আলি খান পাটৌদি, যিনি ‘টাইগার পতৌদি’ নামে পরিচিত, ভারতের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। তিনি ৪৬টি টেস্ট খেলেছেন, করেছেন ২৭৯৩ রান। ছয়টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটির মালিক এই ব্যাটসম্যান ২০১১ সালে প্রয়াত হন। তার বাবা ইফতিখার আলি খান পতৌদিও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।





















