জাম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ৭
- প্রকাশের সময় : ০৮:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 117
রাজবাড়ীর পাংশা উপজেলার কমবামাজাইল ইউনিয়নের পারকুল গ্রামে গাছ থেকে জাম পাড়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন একই গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে মোস্তফা সরদার ও নজরুল সরদার, মকবুল সরদারের ছেলে রতন সরদার, মনছের মন্ডলের ছেলে মিন্টু মন্ডল ও কসবামজাইল ইউনিয়নের বড় বাংলাট গ্রামের মোতাহারের ছেলে রবিউল ইসলাম। বাকী দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ার সরদার নামে এক ব্যক্তি তালেব মন্ডলের গাছ থেকে জাম পাড়ছিলেন। তালেব মন্ডলের পুত্রবধূ জাম পাড়তে নিষেধ করায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তিতুমীর বিশ্বাস জানান, দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালে মারামারির সাত জন রোগী আসেন। তাদের মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


























