মুরগির খোপে দিন কাটে বৃদ্ধা মায়ের, খোঁজ নেয় না কেউ

- প্রকাশের সময় : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / 103

বয়সের ভারে নুয়ে পড়েছেন ৭৫ বছর বয়সী লাল বরু বিবি। এক সময় সংসার সামলানো এই বৃদ্ধা এখন থাকেন একটি মুরগির খোপে! সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
জানা যায়, লাল বরুর স্বামী মারা গেছেন চার বছর আগে। এরপর থেকেই তিনি নির্ভরশীল হয়ে পড়েন দুই ছেলের ওপর। ছোট ছেলে নাসির আলাদা থাকেন ও কোনো খোঁজখবর নেন না। বড় ছেলে মোস্তফা খান ও তাঁর স্ত্রী রিনা বেগমের সঙ্গেই থাকেন লাল বরু। তবে তারা দুজনেই সকাল সকাল কর্মস্থলে চলে যান- একজন রিকশা চালান, অন্যজন গৃহপরিচারিকার কাজ করেন।
উঁচু ঘরের সিঁড়ি বেয়ে উঠতে না পারায় বৃদ্ধা দিনের অনেকটা সময় কাটান মুরগির খোপে বসে। কখনও কখনও সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। স্থানীয়ভাবে অনেকে বিষয়টি দুঃখজনক ও অমানবিক বলে মন্তব্য করেছেন।
লাল বরু বলেন, ‘হাইট্টা চইল্যা আইয়্যা খোপের মধ্যে কাইতাইয়্যা-চিতাইয়্যা থাহি। হায়, দুঃখের হাজারি নাই। দুইডা পোলা আছে, মাইয়্যাও আছিল, আল্লাহ লইয়্যা গ্যাছে।’
তবে ছেলের দাবি, মা কোনো কষ্টে নেই। মোস্তফা খান বলেন, ‘মার যা লাগে আমি দেই। মাকে কখনও খোপে রাখি না। আম চাইছিলেন, ৬ কেজি আম পাঠাইছি।’
ছেলের বউ রিনাও বলেন, ‘ঘর উঁচু হওয়ায় শাশুড়ি একা উঠতে পারেন না। তাই বাইরে বসে থাকেন। আমরা এলে ঘরে ঢোকেন।’
প্রতিবেশীরা বলছেন, ‘আচরণগত দিক থেকে লাল বরুকে ঠিকভাবে সম্মান দেওয়া হয় না।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস বাচ্চু জানান, সামাজিক মাধ্যমে যেটি ছড়িয়েছে, পুরোপুরি সঠিক নয়। বৃদ্ধা দিনভর বাইরে থাকেন, সন্ধ্যায় ঘরে ওঠেন। তারপরও পরিবারকে বুঝিয়ে বলা হয়েছে যেন এমন না হয়। আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও দিয়েছি।
এই ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং সমাজে বয়স্কদের প্রতি দায়িত্বশীলতার প্রশ্ন তোলে। এমন সময় আমাদের সবার উচিত, বয়স্কদের প্রতি আরো সম্মান ও যত্নবান হওয়া।
























