জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট
খুলনা, যশোর, বরিশাল ও ফরিদপুরে বিদ্যুতের ব্ল্যাক আউট
- প্রকাশের সময় : ০৯:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 195
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, বরিশাল ও ফরিদপুরে শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের বিদ্যুৎকেন্দ্র অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করায় জাতীয় গ্রিডে স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে এ চারটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বিদ্যুৎ বিভাগের পরিচালক (জনসংযোগ) শামীম হাসান জানান, রাত পৌনে ৮টা পর্যন্ত বিদ্যুৎ লোড পুনরুদ্ধারে কাজ চলছিল। রাতের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (পরিচালন) আব্দুল মজিদ জানান, যশোর, খুলনা, বরিশাল ও ফরিদপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৭টার পর খুলনার বিভিন্ন এলাকায় কম লোডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে বরিশাল ও ফরিদপুরে তখনও পুরোপুরি লোড পুনরুদ্ধার সম্ভব হয়নি।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (ওএন্ডএম) আব্দুল মোনায়েম চৌধুরী জানান, বিদ্যুৎ লাইন মেরামতের কাজ দ্রুতগতিতে চলছিল। একই তথ্য দিয়েছেন ওজোপাডিকোর যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকারও। তিনি জানান, যশোর, খুলনা, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলায়ও বিকেল সাড়ে ৫টার পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
বরিশাল থেকেও একই ধরনের পরিস্থিতির খবর পাওয়া গেছে। বরিশাল নগরী ও জেলার ১০টি উপজেলায় সন্ধ্যা ৬টার দিক থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড অব বাংলাদেশের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বরিশালসহ ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় এবং প্রায় ৮ লাখ ১২ হাজার গ্রাহক অন্ধকারে নিমজ্জিত হন। তবে সন্ধ্যা সাড়ে ৭টার পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।





















