জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

- প্রকাশের সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 171

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে আটটায় রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এদিকে, রবিবার সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিং করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, এবছর জাতীয় ঈদগাহ মাঠে ৩৫ হাজার মুসল্লি নামাজে অংশ নিতে পারবেন। এছাড়াও রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনেরই জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে।
ডিএসসিসি জানিয়েছে, যদি আবহাওয়া অনুকূল থাকে তবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সুষ্ঠুভাবে ঈদের জামাত সম্পন্ন করার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
























