কালুখালীতে চার প্রতিষ্ঠানের জরিমানা

- প্রকাশের সময় : ০৫:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 170

রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকর হোসেন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কালুখালী উপজেলার রতনদিয়া বাজার ও রতনদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে রতনদিয়া বাজারের হোটেল বৈশাখীকে পাঁচ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আল্লাহর তার হোটেলকে তিন হাজার টাকা, পণ্যে মূল্য তালিকা প্রদর্শণ ও সংরক্ষণ না করার অপরাধে রহমান স্টোর ও মামুন স্টোরকে ৫০০টাকা করে জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।























