রাজবাড়ী ভূমি অফিসের হিসাব রক্ষকের ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ
- প্রকাশের সময় : ০৯:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / 270
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকারের ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, টাকা লেনদেন সম্পর্কিত একটি ভিডিওর কথা জানতে পেরে বিষয়টি জেলা প্রশাসকে জানান। বুধবার বিকেলে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থাসহ আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু বাবুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে সেকারণে আপাততঃ তাকে অফিসের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।
এদিকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাবুল সরকার অফিসের চেয়ারে বসে আছেন। তার সামনে চারজন দাঁড়িয়ে আছে। তার কাছে সেবা নিতে আসা বাবুল সরকার এক ব্যক্তিকে বলছেন সকাল বেলা পাইছো কি? পচা কামডা নিয়ে আসছো। আরেকজন বলছেন বাবু পচা না এগুলো করে দিতে হবে। এরপর ওই ব্যক্তি বাবুল চন্দ্র সরকারের হাতে টাকা দেন। ওই ব্যক্তি বলেন, আরও দেবনে।
অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।






















