যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- প্রকাশের সময় : ০৮:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / 266
জনতার আদালত অনলাইন ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব জন্মশতবার্ষিকী ও রাজবাড়ী শত্রুমুক্ত দিবস উপলক্ষে জেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে রাজবাড়ীর সামাজিক সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন । রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার । বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ইমদাদুল হক বিশ্বাস, পৌর মেয়র মো: আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান,ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক (মেডিসিন) ডা. মোঃ ইকবাল হোসেন এবং রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্যাপ্টেন ডা. সুমন হুসাইন ।
ছয় জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেছিলেন । স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শরীফ ইসলাম বলেন, “মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে আমাদের এ প্রজন্মের শিক্ষা-দীক্ষা,সংস্কৃতি,রাজনীতি ও অর্থনীতির মুক্তির মাধ্যমে । আমাদের হেল্পলাইনের প্রত্যাশা রাজবাড়ী জেলা হোক সমৃদ্ধির ,সম্প্রীতির ও সংস্কৃতির ।,” যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ তাদের যুদ্ধের স্মৃতিচারণ করেন, ব্যক্ত করেন রাজবাড়ীর নবীন প্রজন্মের কাছে তাদের প্রত্যাশার কথা । অনুষ্ঠানে সমৃদ্ধ লক ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে হেল্পলাইন ফাউন্ডেশন এর বিগত দেড় বছরের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হয় ।
অতিথিদের বক্তব্যে উঠে আসে রাজবাড়ীর মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধাদের গল্প, রাজবাড়ী মুক্ত হওয়ার গল্প ।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন,” মুক্তিযোদ্ধারা যেমন দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন, ঠিক তেমনি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন রাজবাড়ীর মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে যুদ্ধ করছে ।”
সৈয়দ সিদ্দিকুর রহমান বলেছেন, ” আমরা যা পারিনি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন তা করে দেখিয়েছ । তারা যা করেছেন, আমাদের সবার জন্য তা অনুকরণীয়, অবশ্য অনুকরণীয় । ” অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট, শীতের চাদর, স্মারক মগ প্রদান করা হয় । রাজবাড়ী হেল্পলাইন ফটো কনটেস্ট প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় ।
সংগঠনের সভাপতি জয়ন্ত কুমার তার সমাপনী বক্তব্যে বলেন, ” আমরা রাজবাড়ীকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই । আমরা চাই রাজবাড়ীকে সবাই জানুক, রাজবাড়ীর কৃতিত্বগাঁথা ধ্বনিত হোক মানুষের মুখে মুখে । রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এ লক্ষ্যে কাজ করে যাবে নীরবে, নিভৃতে । এমন একদিন আসবে যেদিন এ সংগঠন শুধু রাজবাড়ীতেই সীমাবদ্ধ থাকবে না বরং সারাদেশে এটি স্বপ্ন বুনতে শুরু করবে । ” সংবর্ধনা ও পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নবীন ও প্রবীণ শিল্পীরা নৃত্য এবং গান পরিবেশন করেন























