রাজবাড়ীতে চরাঞ্চলে কৃষি জমি: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময়

- প্রকাশের সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / 277

জনতার আদালত অনলাইন ॥ চরের জনশক্তিকে কৃষিভিত্তিক আয়বর্ধকমূলক কাজেও লাগানো যেতে পারে। সেখানে কৃষিতে অপার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল চর অ্যলায়েন্স, বেসরকারি সংস্থা সমুন্নয় ও রাজবাড়ী চর অ্যলায়েন্সের যৌথ উদ্যোগে ‘চরাঞ্চলে কৃষি জমি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। রোববার রাজবাড়ী শহরের কেকেএস কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে চরাঞ্চলের মানুষ বলেন, ভাঙাগড়ার মধ্যেই তাদের জীবন। নতুন চর পড়লে আশায় বুক বাঁধেন। আর ভাঙন শুরু হলে বুক ভেঙে যায়। তাদের স্বাভাবিক জীবনযাত্রা বলে কিছু নেই। নেই চিকিৎসা, নেই শিক্ষা, নেই নিরাপত্তা । কিছুই নেই। এসবকে সঙ্গী করেই তাদের বাঁচতে হয়। কোথাও আবার চরের জমি প্রভাবশালীরা দখলে নিয়ে যায়। নিরীহ কৃষকের কিছুই করার থাকেনা।
তারা আরও বলেন, চরাঞ্চলের মানুষ স্বাস্থ্য ও শিক্ষা থেকে সব সময় বঞ্চিত হচ্ছে। ১০ টাকার একটি ওষুধ কেনার জন্য দেড়শ টাকা নৌকা ভাড়া দিয়ে শহরে যেতে হয়। মানুষ অসুস্থ হলে কোনোমদে তাকে হাসপাতালে নেওয়া যায়। কিন্তু গবাদি পশু বিশেষ করে গরু অসুস্থ হলে সেটাকে হাসপাতালে নেওয়ার উপায় নেই। চরের মানুষের জন্য কোনো ফাউন্ডেশষন নেই। যেকারণে সরকার থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া হলেও তা ফেরত চলে যায়। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে দৃষ্টি দিতে হবে। চরে প্রচুর উর্বর জমি রয়েছে। সেখানে কৃষিতে অপার সম্ভাবনা রয়েছে। চরের জনশক্তিকে কৃষিভিত্তিক আয়বর্ধকমূলক কাজেও লাগানো যেতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবেই। কিন্তু দুর্নীতির কারণে অনেক কাজই বাধাগ্রন্ত হচ্ছে। দুর্নীতি এ সমাজের একটি বড় ব্যধি। এটি একবারে শেষ হবেনা। নতুন প্রজন্মকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা যদি বলে তার বাবার ঘুষের টাকায় সে পড়াশোনা করবেনা। নতুন প্রজন্মকে ভালো কাজ আর ভালো বলা শেখাতে হবে। তাহলে অবশ্যই এর পরিবর্তন হবে।
বিশেষ অতিথি রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অথিধদপ্তরের উপ পরিচালক শহীদ নুর আকবর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির দিকে নজর দিয়েছিলেন বলেই বাংলাদেশ এখন কৃষিতে সমৃদ্ধ। কৃষি বিভাগের সদিচ্ছার কারণেই কৃষিতে বিপ্লব সৃষ্টি হয়েছে। যা চরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।
চন্দনী ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী চর অ্যলায়েন্সের সদস্য সচিব রুহুল আমিন বুলু, সাংবাদিক দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল কাদের মিয়া, আজিজ মহাজন, আবুল হোসেন, ফজলুল করিম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ন্যাশনাল চর অ্যলায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমান।























