জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইকেল র্যালি
- প্রকাশের সময় : ০৭:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / 301
জনতার আদালত অনলাইন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে রাজবাড়ীতে বাই সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা জারিয়ে শনিবার সকালে রাজবাড়ীতে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে শহরতলীর শ্রীপুর বাস টার্মিনাল থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ খুশী রেলওয়ে ময়দানে গিয়ে শেষ হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে সাইকেল র্যালির উদ্বোধন করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাতিত্বে বক্তৃতা করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কার, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, বঙ্গবন্ধুর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বর্ষীয়ান জেলা আওয়ামী লীগ নেতা শওকত আলী প্রমুখ।
নির্বাচনী প্রচারণার সেই দিনের স্মৃতি স্মরণ করে শওকত আলী বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে রাজবাড়ী আসেন বঙ্গবন্ধু। ওই সময় আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম। বঙ্গবন্ধুকে আমরা মুজিব ভাই বলে সম্মোধন করতাম। বঙ্গবন্ধু রাজবাড়ীতে এসে একটি বাইসাইকেল নিয়ে গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন। তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় আরও অংশ নিয়েছিলেন ওয়াজেদ আলী চৌধুরী, কাজী হেদায়েত হোসেন, মোনাক্কা চেয়ারম্যান, রুস্তম আলী, ডা. আব্দুল জলিল, ডা. এসএ মালেকসহ অনেকেই। উল্লেখিতদের মধ্যে আমি ছাড়া সকলেই মারা গেছেন। বঙ্গবন্ধুর ওই স্মৃতি নিয়ে এখনও বেঁচে আছি।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন। রাজবাড়ীর বিভিন্ন স্থানে তিনি সাইকেল চালিয়ে প্রচারণা চালিয়েছিলেন। মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা বলেন, ১৯৫৪ সালে তার বাবা ওয়াজেদ আলী চৌধুরী যুক্ত ফ্রন্টের নির্বাচনে অংশ নেন। সেই স্মৃতিকে তুলে ধরার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রাজবাড়ীতে রয়ে গেছে। নির্বাচনী প্রচারণা করতে তখন একমাত্র বাহন ছিল সাইকেল। তিনি সাইকেল চালিয়ে রাজবাড়ীর বিভিন্ন স্থানে গিয়েছেন সেই স্মৃতিকে আজকের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সাইকেল র্যালির আয়োজন সত্যিই প্রশংসনীয়।
র্যালিতে তিন শতাধিক সাইকেল আরোহী অংশগ্রহণ করেন।























