রাজবাড়ীতে অস্ত্রসহ স্কুলছাত্র গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
- / 570

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে বুধবার রাতে ট্রিগারযুক্ত একটি ওয়ান শুটারগানসহ আশরাফুল ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে।
রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, চন্দনী ইউনিয়নের চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফুল নামে ওই কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ট্রিগারযুক্ত ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়। সে এক সময় মাদ্রাসায় পড়তো। বর্তমানে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করে বলে পুলিশকে জানিয়েছে আশরাফুল। এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।























