রাজবাড়ী জেলার করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে মহিলা পরিষদের উদ্বেগ
- প্রকাশের সময় : ০৮:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / 544
রাজবাড়ী জেলার করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। রোববার সংগঠনটির পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি লাইলী নাহার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পূর্ণিমা দত্ত স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সারা দেশের মতো করোনা মহামারীর ঊর্ধগতি এবং মানুষের সীমাহীন দুর্ভোগে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি।
রাজবাড়ীতে মোট জনসংখ্যার তুলনায় ভ্যাক্সিন প্রাপ্তি অনেক কম হয়েছে। সরকার এ ব্যাপারে সচেষ্ট আছে, সে বিশ্বাস আমাদের আছে। কিন্তু বর্তমান অবস্থায় চিকিৎসা ব্যবস্থার যে নিদারুণ সংকট আমরা লক্ষ করছি, তার প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট সবার সুপরিকল্পিত সহযোগিতা জোরদার করা প্রয়োজন মনে করি। এক্ষেত্রে আমাদের বক্তব্য- ১) সীমিত সামর্থ্য নিয়ে যে সব চিকিৎসক, এবং সকল স্বাস্থ্য সেবা কর্মী, ও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের জীবন বিপন্ন করে সেবা দিয়ে যাচ্ছেন তাদের ধন্যববাদ জানাই। এবং একইসাথে তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
২) রাজবাড়ী জেলায় করোনা পরীক্ষার কিট অধিক সরবরাহপূর্বক স্বেচ্ছাসেবক কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে ৪২ টি ইউনিয়নের আক্রান্ত ব্যক্তি দ্রুত সনাক্ত ও পৃথকীকরণ করা হোক। এ ব্যাপারে আপনার মাধ্যমে সমন্বিত আহ্বানে স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী পাওয়া সম্ভব বলে জানা যায়।
৩) হাসপাতালে কোভিড ব্যতীত অন্যান্য রোগীদের সামাজিক দূরত্বের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। বেসরকারি সমস্ত চিকিৎসাকেন্দ্রের ক্ষেত্রেও এই নিয়ম মানার ব্যবস্থা করা দরকার।
৪) রাজবাড়ীর কোনো পৃথক বিল্ডিং বা অবকাঠামো আপৎকালীন সময়ে রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করার পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে ফিল্ড হাসপাতালের ব্যবস্থা নেওয়া জরুরি।
৫) অক্সিজেন সরবরাহ, নাপা ও অন্যান্য ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি।
৬) রোগী স্থানান্তরের জরুরি সুযোগ নিশ্চিত করতে হবে।
উপরোক্ত বিষয়ের আলোকে আমরা রাজবাড়ী, জেলায় করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি মোতাবেলায় জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

























