বঙ্গোপসাগরে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ
- প্রকাশের সময় : ১০:৪৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 10
বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে থাকা ২৪ জন ক্রুর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও বাংলাদেশিসহ বাকি ২২ জন এখনো নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমভি ওশন উইনার’ নামের জাহাজটি ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন।
জাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, এমভি ওশন উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এরপর জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। শনিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে পরে ভারতীয় নৌবাহিনীও যুক্ত হয়। নিখোঁজ নাবিকদের উদ্ধারে নৌবাহিনীর তিনটি জাহাজ—ভারাদ, আনমোল ও বিজিত—মোতায়েন করা হয়েছে। নিখোঁজ ২২ নাবিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাহাজটি ঠিক কখন এবং কী কারণে ডুবে গেছে, তা এখনো স্পষ্ট নয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে।























