হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের
- প্রকাশের সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 5
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটির ছবি শেয়ার করেন তিনি।
এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্ক অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রণালিটির এক পাশে ইরান এবং অপর পাশে ওমান অবস্থিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।
পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তির পর হরমুজ থেকে অবরোধ তুলে নেয় ইরান। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে প্রহরা প্রত্যাহার করে মার্কিন নৌবাহিনী।
তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান এবং হরমুজ প্রণালিতে ফের অবরোধ জারি করে। এখনো সেই অবরোধ পরিস্থিতি চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অবস্থিত সামরিক ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওই জলপথ মাইনমুক্ত করছে। তিনি আরও বলেন, হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই এবং পুরো প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: এএফপি ও এনডিটিভি।























