ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার, পুলিশ সুপারকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাল পরিবার
- প্রকাশের সময় : ০৯:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 26
নওগাঁ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। আদালতের নির্দেশে অটোরিকশাটি ফেরত পাওয়ার পর মালিকের পরিবার ফুল দিয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন সকালে নওগাঁর বাসিন্দা রামকৃষ্ণ সরকারের ছেলে রকি অটোরিকশা চালানোর সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক মিশ্রিত ডাবের পানি পান করিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ওই অটোরিকশাই ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস।
ঘটনার পর রামকৃষ্ণ সরকার মোবাইল ফোনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে বিষয়টি জানান। পরে তার পরামর্শে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।
পুলিশ জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে এবং নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পরে আদালতের নির্দেশে অটোরিকশাটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
অটোরিকশা ফিরে পাওয়ার পর রামকৃষ্ণ সরকার তার মা, স্ত্রী, সন্তান ও উদ্ধার হওয়া অটোরিকশাসহ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ জানায়, রামকৃষ্ণ সরকার কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ এবং ক্যাথেটার ব্যবহার করছেন। এ কারণে তিনি গাড়িতেই অবস্থান করছিলেন। পরে পুলিশ সুপার নিজেই নিচে নেমে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে জেলা পুলিশ।
অটোরিকশা হস্তান্তরের সময় অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল উপস্থিত ছিলেন।























