কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক
- প্রকাশের সময় : ০৯:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 18
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যদের দেখতে হাসপাতালে ছুটে যান রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
বুধবার (২৯ জুলাই) তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন উপস্থিত ছিলেন। তারা আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।
উল্লেখ্য, বুধবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তাসহ ছয়জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।






















