সংস্কারের অভাবে বড়ইচারা গ্রামের সড়কের বেহাল দশা, দুর্ভোগে শত শত মানুষ
- প্রকাশের সময় : ১১:২২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 132
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও পানিতে তলিয়ে খালের মতো রূপ নেয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের শত শত মানুষ।
শনিবার (১১ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কার্পেটিং সম্পূর্ণ উঠে গিয়ে কাদায় একাকার হয়ে গেছে। বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা জমে যাওয়ায় পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
গ্রামবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর সড়কটির খোঁজ নেন না। তাদের ভাষায়, “রাস্তা এখন আর রাস্তা নেই, খালে পরিণত হয়েছে। বছরের পর বছর এভাবেই দুর্ভোগ পোহাচ্ছি।”
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বড়ইচারা গ্রামের বাসিন্দারা।
























