নওগাঁর বদলগাছীতে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- প্রকাশের সময় : ০৮:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 127
নওগাঁর বদলগাছী উপজেলায় মোসা. তহমিনা আক্তার রেবা বেগম (৩০) নামে এক নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত দারাস উদ্দিন সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দিরের উত্তর পাশে আদিবাসী রঞ্জিতের বাড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রেবা বেগম। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা অঞ্জলি রানী ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি বদলগাছী থানায় জানানো হয়।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেবা বেগমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার সঙ্গে এক ভেকু (খননযন্ত্র) চালক জড়িত থাকতে পারেন। তবে পুলিশ এখনো এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি এবং হত্যাকাণ্ডের কারণও জানা যায়নি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
























