ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- প্রকাশের সময় : ১২:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 6
গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের খরিপ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৪ হাজার কৃষকের প্রত্যেককে সাত ধরনের সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।



















