নওগাঁয় ছিনতাইয়ের ঘটনায় ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সুমন গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 83
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ‘ভুয়া ডিবি’ পরিচয়দানকারী সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি এবং নিজেকে ‘ডিবি সুমন’ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এক ভুক্তভোগী নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে অভিযোগ করেন, গত ২ জুলাই দুপুরে তিনি বলিহার বাজারে নিজের ওষুধের দোকান বন্ধ করে মোটরসাইকেলে দুবলহাটি বাজারে ভাগ্নের হাঁসের খামারে যাচ্ছিলেন। পথে ইটতলা মোড় অতিক্রম করার পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার গতিরোধ করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ভুক্তভোগীকে মামলা দায়েরের পরামর্শ দেন এবং ঘটনাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশনা দেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুমনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ছিনতাইয়ের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি এলাকায় নিজেকে ‘ডিবি সুমন’ নামে পরিচয় দিতেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, মারামারি ও মাদকসহ প্রায় ১০টি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
























