নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বিএমইউজের শুভেচ্ছা
- প্রকাশের সময় : ০৭:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 188
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখা।
সম্প্রতি অনুষ্ঠিত নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের প্রতিবেদক ফরিদুল করিম এবং সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক শফিক ছোটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
রোববার (৫ জুলাই) রাতে শহরের একটি রেস্তোরাঁয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন তাদের নির্বাচিত ঘোষণা করেন।
এ ছাড়া সহসভাপতি পদে এম আর ইসলাম রতন ও এম আর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ ও এ কে সাজু, অর্থ সম্পাদক পদে আরমান হোসেন রুমন, দপ্তর সম্পাদক পদে এম আর রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. কায়েস উদ্দিন, রিফাত হোসাইন সবুজ, তৌহিদ ইসলাম, রাকিব রাইহান ও হাবিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন জানান, নির্বাচনে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে ছয়জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শফিক ছোটন বলেন, সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রেখে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নওগাঁ জেলা শাখার সভাপতি খোরশেদ আলম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটি জেলার সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। একই সঙ্গে বিএমইউজে নওগাঁ জেলা শাখা ভবিষ্যতেও এ সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
























