ফেনসিডিল মামলায় বেনাপোলে দুই মাদক ব্যবসায়ীর ১০ বছর করে কারাদণ্ড
- প্রকাশের সময় : ১০:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 6
ফেনসিডিল উদ্ধার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।
সোমবার (২৯ জুন) বিকেলে যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শা উপজেলার বাগআঁড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের পাশে জনৈক সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি।
পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বাগআঁড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম।
তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বিচার চলাকালে দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান। পরে তারা পলাতক হয়ে যান।























