ঝিনাইদহে আইনজীবী সমিতির কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ১২:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 14
ঝিনাইদহে বিচার বিভাগ ও আইনজীবী সমিতির উন্নয়ন এবং কল্যাণ ফান্ডে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা জজ কোর্ট চত্বরের সামনে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আইনজীবীদের যৌক্তিক দাবি ও পেশাগত কল্যাণের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন ঝিনাইদহ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস. এম. মশিয়ুর রহমান, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আকিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল সরকারকে প্রতি বছর প্রায় ১৬ হাজার ২৫০ কোটি টাকা রাজস্ব প্রদান করে। অথচ সেই তুলনায় বার কাউন্সিলের জন্য মাত্র আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যা অত্যন্ত অপ্রতুল।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। বিদ্যমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং আইনজীবীদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে একজন আইনজীবী মৃত্যুবরণ করলে কল্যাণ ফান্ড থেকে অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ কোটি টাকা করার জোর দাবি জানান তারা। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
























