বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক

- প্রকাশের সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 211

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক-এর রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে এই ১৮ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে তাদের পশ্চিমবঙ্গে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের কোথায় নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, আটক ১৮ জনের মধ্যে শিশু ছাড়া বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন। সম্প্রতি তাদের গতিবিধি নিয়ে সন্দেহ দেখা দিলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে নাগরিকত্বসংক্রান্ত বৈধ নথিপত্র দেখাতে বলা হলে তারা তা প্রদর্শনে ব্যর্থ হন।
হাওড়া স্টেশনে আনার পর তাদের কোথায় নেওয়া হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।























