আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া
- প্রকাশের সময় : ০৭:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 144
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হয়েও কোনো আনন্দ মিছিল বা সভা না করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে বিজয় উপলক্ষে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মাবলম্বীদের প্রার্থনা করার আহ্বানও জানানো হয়।




















