কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে
- প্রকাশের সময় : ১১:২৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 174
‘সবার আগে বাংলাদেশ’— রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এতে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন। দলীয় সূত্র জানায়, ইশতেহারটি ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’, জিয়াউর রহমানের ‘১৯ দফা’, ‘ভিশন-২০৩০’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।
ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান, পরিবেশ রক্ষা, পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি এবং জুলাই গণঅভ্যুত্থানের বিচারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি খতিব-ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানীসহ বিভিন্ন জনমুখী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে ‘ই-হেলথ কার্ড’ চালুর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা খাতে একই পরিমাণ বরাদ্দ দিয়ে সংস্কার কমিশন গঠন, বিদেশি ভাষা শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারের পরিকল্পনা রয়েছে। তরুণদের জন্য আইটি পার্ক সুবিধা, ফ্রি ওয়াইফাই জোন, স্টার্ট-আপ ফান্ড এবং তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈদেশিক কর্মসংস্থানে ৫ বছরে এক কোটি জনশক্তি রপ্তানি, পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া স্থানীয় সরকার জবাবদিহিতা নিশ্চিত করতে ‘উন্নয়ন জনসভা’, পুঁজিবাজারে অনিয়ম তদন্তে কমিশন, এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিদ্যুৎ উৎপাদন ২০৩০ সালের মধ্যে ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা, রাজস্ব-জিডিপি অনুপাত ১৫ শতাংশে নেওয়া, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বেসরকারি কর্মীদের জন্য পেনশন ফান্ড গঠনের পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া মৎস্যজীবীদের জন্য ‘জাল যার, জলা তার’ নীতি, ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, ধর্মীয় নেতাদের সম্মানী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়নে সাইকেল রাইড শেয়ারিং চালুর অঙ্গীকার করা হয়েছে।




















