আজ থেকে শুরু বিপিএলের দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে
- প্রকাশের সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 163
আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনাল ম্যাচ আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।
চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। সিলেট পর্ব শেষে টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে এবং শেষ পর্বে ঢাকায় ফিরবে। প্লে-অফের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৯ জানুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।
এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
উদ্বোধনী দিনে সিলেটে প্রথম ম্যাচে বিকেল ৩টায় সিলেট টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস খেলবে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। সিলেট পর্বে একাধিক ডে ও নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর জানুয়ারির শুরুতে চট্টগ্রাম পর্ব এবং মাঝামাঝি সময়ে ঢাকায় শেষ পর্ব গড়াবে।






















