বিপিএল শুরুর আগমুহূর্তে দল প্রত্যাহারের আবেদন চট্টগ্রাম রয়্যালসের
- প্রকাশের সময় : ১২:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 175
বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগের দিন আর্থিক সংকটের কথা জানিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছে চট্টগ্রাম রয়্যালস। বৃহস্পতিবার সকালে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রশিদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
তিনি জানান, চিঠিতে মূলত আর্থিক সমস্যার কথাই উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি সঙ্গে আলোচনা চলছে। দল প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হওয়ায় খেলোয়াড় ও স্টাফদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হচ্ছে বোর্ডকে।
এর আগে চট্টগ্রাম রয়্যালসের আর্থিক দায় পরিশোধ ও স্পন্সর ইস্যু নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা চলছিল। গত আসরে বেতন বকেয়া রাখার অভিযোগে সমালোচনার মুখে পড়া ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা বদল হলেও অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই টুর্নামেন্ট শুরুর আগে তিন বিদেশি ক্রিকেটার দল ছাড়েন, যাদের মধ্যে দুজন নিজ নিজ বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় এবং একজনের এনওসি স্থগিতের কারণে সরে দাঁড়ান।
প্রধান কোচ নিয়োগ নিয়েও চট্টগ্রাম রয়্যালসে ছিল বিভ্রান্তি। শুরুতে দেশীয় কোচের নাম জানালেও পরে বিদেশি কোচ নিয়োগের ঘোষণা দেওয়া হয়, তবে আসর শুরুর আগে তার আগমন নিশ্চিত করা যায়নি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল শুরু হওয়ার কথা। অথচ আসরের ঠিক আগে একটি দলের এমন আবেদনে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বিসিবি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।






















