তফসিলের আগেই সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
- প্রকাশের সময় : ০৪:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 92
তফসিল ঘোষণার আগেই জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম ৩ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিট আবেদনে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব জনবল গঠনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ প্রতিষ্ঠার নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে রুল জারি ও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা করানো সংবিধানবিরুদ্ধ। বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকা প্রয়োজন। নির্বাহী বিভাগের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিত্ব করেন এবং তাদের মাধ্যমে নির্বাচন পরিচালিত হলে নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়।
আইনজীবী মো. ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে বৈঠক করেছে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আবারও ডিসিদের দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, জেলা-উপজেলার নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার মূল ভূমিকায় আনতে হবে এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করতে হবে; অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

























